কবি হেলাল হাফিজ: অভিমানে সন্ন্যাসে
কবি হেলাল হাফিজ: অভিমানে সন্ন্যাসে

কবি হেলাল হাফিজ: অভিমানে সন্ন্যাসে

বিষয়:
প্রবন্ধ
ISBN:
9789849951858
সংস্করণ:
২০২৫
পৃষ্ঠা:
২১৬
মূল্য (MRP):

৬০০ টাকা

pbs

বইটির বিবরণ

প্রয়াত কবি হেলাল হাফিজকে নিয়ে গ্রন্থিত কবি হেলাল হাফিজ: অভিমানে সন্ন্যাসে নামক এই সংকলনটি পাঠকদের জন্য শুধু অসামান্য এক উপহার হিসেবেই নয়, সারা জীবন সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ হিসেবেও সমাদৃত হবে, এমনটা নির্দ্বিধায় বলা যেতে পারে। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে নিয়ে হাসনাত আবদুল হাই, নির্মলেন্দু গুণ, আফসান চৌধুরী, অজয় দাশগুপ্ত, হাসান হাফিজ ছাড়াও অনেক লেখক-কবির স্মৃতিচারণমূলক লেখা, প্রবন্ধ ও সাক্ষাৎকারসহ কবির আত্মজৈবনিক কথকতা ও বৈচিত্র্যমণ্ডিত রচনায় সমৃদ্ধ এ গ্রন্থ। হেলাল হাফিজের কাব্যপ্রতিভা, কাব্যকথা এবং ব্যক্তিজীবনের নানা কথা ও বৃত্তান্ত উন্মোচিত হয়েছে এসব লেখায়। বিভিন্ন লেখায় পরিস্ফুট এসব অজানা অধ্যায়ের বিচিত্র সম্ভার পাঠককে উদ্বেলিত ও চমকিত করে তোলে। উনসত্তর সালে গণ-অভ্যুত্থানের সময় রচিত কবি হেলাল হাফিজের 'নিষিদ্ধ সম্পাদকীয়' কবিতার একটি অমর পঙ্ক্তি 'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়' যেমন আজও উচ্চারিত হয়, তেমনি মিছিলে, স্লোগানে, মানুষের মুখে মুখে ঠিক তারই প্রতিচ্ছবি হয়ে এই স্মারকগ্রন্থটিও হয়তো জেগে রবে বাংলাদেশের সাহিত্যাকাশে।

সম্পাদকের পরিচিতি

হেলাল হাফিজ
হেলাল হাফিজ

হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭-ই অক্টোবর নেত্রকোনা জেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে ১৯৬৫ সালে মেট্রিক এবং ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে আই.এ পাশ করেন। ওই বছরেই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র "দৈনিক পূর্বদেশে" সাংবাদিকতায় যোগদান করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন "দৈনিক পূর্বদেশের" সাহিত্য সম্পাদক। ১৯৭৬ সালের শেষ দিকে তিনি "দৈনিক দেশ" পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন । সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে বহুল আলোচিত তাঁর বিখ্যাত কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়।কবি এ পর্যন্ত বেশ কিছু পুরুষ্কারে ভূষিত হয়েছেন,বিশেষ করে তাঁর প্রথম কাব্যগ্রন্থের জন্যে তিনি পেয়েছেন নারায়ণগঞ্জ বৈশাখী মেলা উদযাপন কমিটির কবি সংবর্ধনা (১৯৮৫), যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৬), আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৭), নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেদদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা প্রভৃতি। "যে জলে আগুন জ্বলে"--এ কাব্যগ্রন্থে হেলেন নামে এক নারীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যিনি ছিলেন কবির প্রেমিকা। তার সাথে বিচ্ছেদের পরে কবি প্রায় ২৫ বছর এক ধরণের স্বেচ্ছা-নির্বাসনে জীবন যাপন করেন। অতঃপর নির্বাসিত জীবন থেকে বেরিয়ে তিনি বর্তমানে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের নিকটে বসবাস শুরু করেন। ২৬ বছর পর ২০১২ সালে আসে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। তাঁর অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’; এ কবিতার দুটি পঙক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে। অবশেষে, ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।