বইটির বিবরণ
মধ্য এশিয়ার দেশসমূহ যেমন, উজবেকিস্তান, তুর্কিস্তান, কাজাখস্তান প্রভৃতি প্রাচীনকাল থেকেই নানাদিক দিয়ে ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এক জনপদ। ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ, শিক্ষাকেন্দ্র হিসেবে এই দেশগুলোর খ্যাতি দুনিয়াজোড়া। লোককাহিনি এবং লোকসংস্কৃতির এক বিরাট ভাণ্ডার এই দেশগুলো। ঐতিহাসিক সিল্ক রোডের প্রধান যাত্রাপথ ছিল মধ্য এশিয়ার এইসকল দেশ। লোকমুখে এবং লিখিতভাবেও নানা গল্প কাহিনি ছড়িয়েছে এখান থেকে পৃথিবীময়। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে উজবেক লোককাহিনির একটি বিরাট ইংরেজি সংকলন প্রকাশিত হয়েছিল প্রায় ৬০ বছর আগে। সেখান থেকে বাছাই করে কয়েকটি গল্প সহজ এবং আকর্ষণীয় ভাষায় রূপান্তর করা হয়েছে এই বইটিতে। প্রত্যেকটি গল্পেই রয়েছে কাল্পনিক কাহিনি এবং শিক্ষণীয় বিষয়ের সংমিশ্রণ। সেই সঙ্গে হাস্যরসেরও অভাব নেই গল্পগুলোতে। আমাদের শিশুকিশোর পাঠকেরা গল্পগুলো পড়ে আনন্দ পাবে বলে আশা করা যায়।
অনুবাদকের পরিচিতি

সৈয়দ নজমুল আবদাল শিশুদের জন্য বেশ কিছু বই লিখেছেন। ৭০ এর দশকের শেষের দিকে, তার সাধারণ বিজ্ঞানের বইগুলি প্রকাশিত হয়েছিল, সময়ের সাথে সাথে তিনি সুপরিচিত হয়ে উঠেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ইত্তেফাক গ্রুপের বই প্রকাশনা প্রতিষ্ঠান বিবিআই-এ প্রকাশনা কর্মকর্তা হিসেবে কাজ করেন। কিছু কাল সাংবাদিকতা করেছেন সাপ্তাহিক রোববার এবং দৈনিক প্রথম আলো পত্রিকায়। তিনি এক যুগেরও বেশি সময় ধরে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে উপকরণ উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি ইউনিভার্সিটি অফ লিডস এবং নরউইচ, যুক্তরাজ্যের বেল ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ব্রিটিশ সরকারের অধীনে কারিগরি সহযোগিতা প্রশিক্ষণ ব্যবস্থার সহায়তায় বেশ কয়েকটি কোর্সে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থায় সম্পাদক হিসেবে কর্মরত আছেন।