বইটির বিবরণ
ইঁদুর আর বিড়াল নিয়ে মিষ্টি মিষ্টি গল্প। খুব মধুর আর মায়াবী। গল্প আছে ছয়টি। 'বিপদে বন্ধু সবাই'- এই গল্পে একটা হিংসুটে বিড়ালকে কী করে বন্ধু বানাল বুদ্ধিমান ইঁদুর সেই কাহিনি লেখা আছে। 'ইঁদুরের চালাকি' আবার অন্য রকম গল্প। বিড়ালের খাবার খেয়ে নিয়েছে ইঁদুর। বিড়াল তাকে হাতেনাতে ধরেও ফেলেছে। বুদ্ধির জোরে সে যাত্রায় সে বিড়ালের হাত থেকে বেঁচে যায়। কিন্তু কীভাবে? বড়োরাই যে সব পারে, তা নয়-কখনো কখনো ছোটোরাও বড়োদের হার মানিয়ে দিতে পারে। ওই নিয়ে গল্প 'ইঁদুরছানার বুদ্ধি'। কে কোন কাজ করবে, তার জন্য একটি অ্যাগ্রিম্যান্ট করেছিল কুকুর, বিড়াল ও ইঁদুর। কিন্তু দলিল দিয়ে সবসময় দিন চলে না। তাহলে কী হলো? সেই কাহিনি লেখা আছে 'কুকুর, বিড়াল ও ইঁদুর' নামক গল্পে। শহরের ইঁদুরের ফুটানি শেষ হয়ে যায় 'গ্রামের ইঁদুর ও শহরের ইঁদুর' গল্পে। পরিশেষে 'ছোটো ইঁদুরের জীবনকথা' নিয়ে কিছু বলব না। আনন্দ-বেদনার ওই গল্পটা রেখে দিলাম তোমাদের জন্য।
লেখকের পরিচিতি

ড. সরকার আবদুল মান্নান ১৯৬৪ সালের ২১-এ জুলাই চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আবদুল হাকিম সরকার ও মাতা মমতাজ বেগম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৮৫ সালে সম্মানসহ স্নাতক, ১৯৮৬ সালে স্নাতকোত্তর, ১৯৯৫ সালে এমফিল এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এবং বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান। সম্পাদক হিসেবে কর্মরত। সরকার আবদুল মান্নান গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। তাঁর প্রকাশিত গ্রন্থ। : জগদীশ গুপ্তের রচনা ও জগৎ (২০০১); উপন্যাসে তমসাবৃত জীবন : নরেশচন্দ্র সেনগুপ্ত, জগদীশ গুপ্ত ও মানিক বন্দ্যোপাধ্যায় (২০০৩); বাংলা কথাসাহিত্য : আধুনিকতার কুশীলব (২০০৭); বাংলা কথাসাহিত্য : ভিন্ন স্বর ভিন্ন শৈলী (২০১০)। শিশুতোষ গল্পগ্রন্থ : দুষ্টু রাজকুমার ও অন্যান্য (২০১৩), সম্পাদিত শিশুতোষ গল্পগ্রন্থ : গল্পের আল্পনা (২০১০)।