বইটির বিবরণ
আমরা সচরাচর যা দেখি, সবটুকু কি সত্যি? নাকি আমাদের খুব চেনা জগতের সমান্তরালে অন্য কোনো জীবন বয়ে চলে? মানুষের জীবন কি খুব সরল কোনো জ্যামিতি? নাকি অবিন্যস্ত কিছু রেখাচিত্রের সমষ্টি? সিঁড়িতে পড়ে যাওয়া এক তরুণের দেখা পাওয়া 'মনঋত পাখি'র আকুতি থেকে শুরু করে এক কিশোরীর কদম ফুলের জন্য প্রতীক্ষা করতে করতে নৃশংসতার শিকার হয়ে নিজেই ফুল হয়ে যাওয়া- গল্পগুলো যেন বাস্তব আর পরাবাস্তবের মাঝামাঝি ধূসর কোনো জগৎ থেকে নেওয়া। এখানে কেউ নিজেকে কুকুর মনে করে, আবার নিস্পৃহ ঈশ্বর বলে যায় কাটা কবজি হাতে নিয়ে ঘুরে বেড়ানো এক ভাঙা মানুষের কথা। সবাই কেন তাকে ভালো হয়ে যেতে বলে বুঝতে না পারা মাসুদ একসময় বুঝতে পারে সে বা তারা বা আমরা কেন কখনোই ভালো হতে পারি না। সম্পূর্ণ ভিন্ন স্বাদের সাতটি গল্প নিয়ে যে সকল কারণে মাসুদ ভালো হয় না কেবল একটি গল্প সংকলন নয়, এটি আমাদের চারপাশের পরিচিত জগতের ভেতরে লুকিয়ে থাকা অপরিচিত হাহাকারের এক দর্পণ। গল্পের সীমানা পেরিয়ে পাঠক যখন নিজেরই একান্ত পরিচিত কোনো দীর্ঘশ্বাসের দেখা পাবেন তখন অজান্তেই মনে হবে, এ তো আমারই গল্প!a
লেখকের পরিচিতি

মাহমুদ মাসুদ একজন কথাসাহিত্যিক। জন্ম চট্টগ্রামে হলেও ফেনীতে বড়ো হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বর্তমানে বাংলাদেশ সরকারের একজন প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মরত। এর আগে তাঁর গল্পগ্রন্থ দরিয়াভাল্লার মাঠে প্রকাশিত হয়েছে।